নির্বাচনী প্রচারণায় রংপুর যাচ্ছেন তারেক রহমান

0
53
নির্বাচনী প্রচারণায় রংপুর যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি রংপুরের পীরগঞ্জে গিয়ে ২০২৪ সালের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় রংপুর নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এই সফরকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ দেখা গেছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, জনসভা সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভার মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। পাশাপাশি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের রংপুর সফরের খবরে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।