‘পুতুলনাচের ইতিকথা’ দিয়ে বছরের শুরুতেই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন জয়া আহসান

0
49
কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান

বছরের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতায় জি ২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অনুষ্ঠানে তিনি ‘সেরা অভিনেত্রী (সমালোচক)’ পুরস্কার অর্জন করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কারে ভূষিত হন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে জয়া আহসান লেখেন, বছরের প্রথম পুরস্কার হিসেবে ‘পুতুলনাচের ইতিকথা’র জন্য এই সম্মান পেয়ে তিনি গর্বিত ও কৃতজ্ঞ।

কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি ২৪ ঘণ্টা জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ পুরস্কার প্রদান করে। সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। এতে জয়া আহসানের সংবেদনশীল ও গভীর অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি।

দুই বাংলার চলচ্চিত্রে দীর্ঘদিন ধরেই জয়া আহসানের দৃপ্ত উপস্থিতি রয়েছে। বছরের শুরুতেই পাওয়া এই আন্তর্জাতিক স্বীকৃতি তার সফল ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করল।