শনিবার টাঙ্গাইলে তারেক রহমানের জনসভা, চলছে প্রস্তুতি

0
38
শনিবার টাঙ্গাইলে তারেক রহমানের জনসভা, চলছে প্রস্তুতি

নির্বাচনী জনসভায় যোগ দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টাঙ্গাইল আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইলে আয়োজিত জনসভায় তিনি অংশ নেবেন। কর্মসূচিকে সফল করতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিএনপি সূত্র।

দলীয় সূত্রের দাবি, ওইদিন জনসভায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হতে পারে। তারেক রহমানের আগমন উপলক্ষে দলীয় কর্মসূচির প্রস্তুতির পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, তিন দিনের উত্তরাঞ্চল সফরের শেষ দিনে শনিবার বিকেল ৪টায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলে মঞ্চ নির্মাণসহ মাঠ সাজানোর কাজ দ্রুত এগিয়ে চলছে। বিএনপির নেতারা নিয়মিত ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং প্রশাসনের সংশ্লিষ্ট লোকজনও সমাবেশস্থল ঘুরে দেখছেন।

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ঈদের মতো আনন্দের আমেজ তৈরি হয়েছে এবং নেতাকর্মীরা তাকে দেখতে উৎফুল্ল। টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হবে।