ক্ষমতায় যে দলই আসুক, বাংলাদেশ-চীনের সহযোগিতা অব্যাহত রাখতে হবে: প্রধান উপদেষ্টা

0
40
ক্ষমতায় যে দলই আসুক, বাংলাদেশ-চীনের সহযোগিতা অব্যাহত রাখতে হবে: প্রধান উপদেষ্টা

আগামীতে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীন-বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে চীন সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও জানান তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ‘ওয়ালভ্যাক্স বায়োটেকনোলজি’র পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যান্ড্রু জিলং ওং এবং ‘ওয়ালভ্যাক্স বায়োটেক (সিঙ্গাপুর)’-এর ব্যবস্থাপনা পরিচালক ইউচিং ইয়াও বাংলাদেশে তাদের কাজের অভিজ্ঞতা ও আগ্রহের কথা তুলে ধরেন। প্রতিষ্ঠানটি অন্তত ২২টি দেশে টিকা রপ্তানি করে এবং বাংলাদেশে স্থানীয়ভাবে পিসিভি ও এইচপিভি টিকা উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখছে। যুক্তরাজ্য ও ইন্দোনেশিয়াতেও তাদের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান রয়েছে বলে জানানো হয়।

বৈঠকে মাইক্রোক্রেডিট আন্দোলনের সূত্র ধরে চীনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, চীনের প্রত্যন্ত গ্রামে গিয়ে তিনি মানুষের জীবনে পরিবর্তন প্রত্যক্ষ করেছিলেন এবং পরবর্তীতে সেই ধারণা অনুসরণ করে চীন নিজস্ব কর্মসূচি চালু করে। গত বছরের মার্চে চীন সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশটির প্রেসিডেন্ট তাকে জানিয়েছেন যে তিনি ইউনূসের বই পড়েছেন এবং সেখানকার নীতিগুলো অনুসরণ করেছেন—যা তার জন্য আনন্দের মুহূর্ত ছিল।

এ সময় সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট চায়না স্কুল অব মেডিসিনের পরিচালক ও খ্যাতনামা বায়োমেডিকেল বিজ্ঞানী সিন-ইউয়ান ফু অধ্যাপক ইউনূসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বাংলাদেশের শিক্ষাবিদদের সঙ্গে যৌথভাবে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। চীনা প্রতিনিধিদল বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনারও প্রশংসা করে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশন বিষয়ে তারা বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, কয়েক সপ্তাহের মধ্যে তিনি দায়িত্ব ছাড়বেন, তবে নতুন সরকার দায়িত্ব নিলেও বাংলাদেশ-চীনের মধ্যকার সহযোগিতা ও চলমান কাজ অব্যাহত থাকতে হবে। বৈঠক শেষে তিনি ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার জন্য চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।