জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “৫ আগস্ট হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছেন। হাসিনার আমলে যে রাজনীতি হয়েছে, সেই রাজনীতি বাংলাদেশে আর হবে না। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির রাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না।”
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর বনশ্রী এলাকায় নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করছেন এবং তিনি ১১ দলীয় জোটের প্রার্থী।
গণসংযোগে নাহিদ ইসলাম বলেন, “আমরা ভূমিদস্যু, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও কোনো অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না। আমরা ১১ দলের পক্ষ থেকে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।”
নিজের এলাকার সঙ্গে সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি বনশ্রী এলাকায় বড় হয়েছি। আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা এই এলাকার উন্নয়ন করতে চাই। আমরা যেমন দেশ সংস্কার চাই, তেমনি এলাকার সংস্কারও চাই।”
এলাকার সমস্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বনশ্রীতে গ্যাস সংকট রয়েছে, রাস্তা-ঘাট সংস্কারের ঘাটতি আছে এবং চাঁদাবাজি ও মাদক কারবারিদের সমস্যাও রয়েছে। তিনি দাবি করেন, এসব সমস্যা দূর করতে তারা কাজ করবেন।