ডি ককের বিধ্বংসী সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

0
19
ডি ককের বিধ্বংসী সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

ঘরের মাঠে দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টিতে ফিরেই ব্যাট হাতে আগুন ঝরালেন কুইন্টন ডি কক। বৃহস্পতিবার সেঞ্চুরিয়ানে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার বিধ্বংসী শতকে ওয়েস্ট ইন্ডিজের বিশাল সংগ্রহও তুচ্ছ হয়ে যায়। ক্যারিবীয়দের ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা।

সুপারস্পোর্ট পার্কে টস জিতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে তোলে ২২১ রান। শিমরন হেটমায়ারের আক্রমণাত্মক ৭৫ এবং শেরফান রাদারফোর্ডের শেষদিকের ঝরঝরে অপরাজিত ৫৭ রানে ভর করে বড় সংগ্রহ পায় অতিথিরা। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত ছিলেন কেশভ মহারাজ, যিনি দুটি উইকেট শিকার করেন।

রান তাড়ায় শুরুতেই এইডেন মার্করাম আউট হলেও ম্যাচের চিত্র দ্রুত বদলে দেন ডি কক ও রায়ান রিকেলটন। দ্বিতীয় উইকেটে তাদের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ ছন্নছাড়া হয়ে পড়ে। মাত্র ৭২ বলেই দু’জন মিলে যোগ করেন ১৬২ রান।

ইনিংস চলাকালেই ডি কক স্পর্শ করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২ হাজার রানের মাইলফলক। এরপর ৪৩ বলে শতক পূর্ণ করে তিনি কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ১১৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই উইকেটকিপার ব্যাটার, যেখানে ছিল ১০টি ছক্কা ও ৬টি চার।

অন্য প্রান্তে রিকেলটনও ছিলেন সমান আক্রমণাত্মক। ২৫ বলেই ফিফটি পূর্ণ করা এই ব্যাটার তিন নম্বরে নেমে ক্যারিয়ারসেরা অপরাজিত ৭৭ রান করেন। তাদের ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখেই অনায়াসে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ফলে দ্বিতীয় ম্যাচের এই জয়ের মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। শনিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।