নিখোঁজের তিনদিন পর বেলাবে পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

0
48
নিখোঁজের তিনদিন পর বেলাবে পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদীর বেলাবতে নিখোঁজ থাকার তিনদিন পর আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজিমুল কাদের বাজনাব এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাব উপজেলার বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং পেশায় পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আজিমুল তার নিজস্ব পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগ্নে মো. উমর ফারুক বাদী হয়ে বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা খামারের পাশের একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে আজিমুল কাদেরের মরদেহ উদ্ধার করে।

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমানউল্লাহ জানান, রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, খামারের দুই শ্রমিক পলাতক রয়েছে এবং মুরগি চুরির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।