শেরপুরে পুলিশ সদস্য শাহিনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
41
শেরপুরে পুলিশ সদস্য শাহিনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে শাহিনুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টার পর শহরের গৃর্দা নারায়ণপুর এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহিনুল ইসলাম শেরপুর সদর থানায় এএসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৮৫০৫১০৪০০৪। তিনি জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিউটি শেষে সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাসায় ফেরেন। বেলা ১১টার দিকে তার স্ত্রী মাকসুদা পারভীন সন্তানকে নিয়ে জামালপুরের নান্দিনায় বাবার বাড়িতে চলে যান। দুপুর ২টার দিকে স্ত্রী ফোন করলে তিনি কল রিসিভ করেননি। দীর্ঘক্ষণ যোগাযোগ না হওয়ায় রাত ১১টার দিকে স্ত্রী ও শ্যালক জামালপুর থেকে শেরপুরের বাসায় ফিরে আসেন।

বাসার প্রধান দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তারা পেছনের জানালা দিয়ে উঁকি দেন। তখন জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শাহিনুলকে ঝুলন্ত দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১১টার মধ্যবর্তী কোনো এক সময় ঘটনাটি ঘটেছে।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল রানা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।