সাইমের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে পাকিস্তান

0
37
সাইমের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে পাকিস্তান

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাইম আইয়ুবের দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। স্পিন সহায়ক উইকেটে পাকিস্তান ৮ উইকেটে তোলে ১৬৮ রান, যা শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ইনিংসের শুরুতেই আগ্রাসী ব্যাটিং করেন ওপেনার সাইম আইয়ুব। তিনি ২২ বলে ৪০ রান করেন, যেখানে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। পাওয়ার প্লেতেই তার ব্যাটিংয়ে চাপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ওপেনার সাহিবজাদা ফারহান দ্রুত ফিরলেও অধিনায়ক সালমান আগার সঙ্গে কার্যকর জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন সাইম। সালমান ২৭ বলে ৩৯ রান করে দলকে গতি ও স্থিরতা দেন।

মাঝে সাবেক অধিনায়ক বাবর আজম ২০ বলে ২৪ রান করে ইনিংসের ছন্দ ধরে রাখেন। তবে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ম্যাচে ফেরান অস্ট্রেলিয়াকে। তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সাইম আইয়ুব, সালমান আগা, বাবর আজম ও উসমান খানকে ফিরিয়ে পাকিস্তানের রান তোলার গতি কমিয়ে দেন। শেষদিকে মোহাম্মদ নওয়াজের অপরাজিত ১৫ রানের ক্যামিওতে পাকিস্তান ১৬৮ পর্যন্ত পৌঁছে যায়।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই ধাক্কা খায়। ভারপ্রাপ্ত অধিনায়ক ট্রাভিস হেড ১৩ বলে ২৩ রানের ঝলক দেখালেও তার বিদায়ের পর ছন্দ হারায় সফরকারীরা। ওপেনার ম্যাথিউ শর্ট দ্রুত আউট হন, অভিষিক্ত ম্যাথিউ রেনশো ভালো শুরু করেও রানআউটে কাটা পড়েন। এরপর ক্যামেরন গ্রিন ও জশ ফিলিপে ইনিংস গুছানোর চেষ্টা করলেও প্রয়োজনীয় রান রেট বাড়তে থাকে।

এ পর্যায়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তানের স্পিন আক্রমণ। আব্রার আহমেদ ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নেন। বল হাতে সাইম আইয়ুবও গুরুত্বপূর্ণ অবদান রাখেন, ৩ ওভারে ২ উইকেট শিকার করেন তিনি। শাদাব খান ও নওয়াজও চাপ বজায় রেখে অস্ট্রেলিয়ার রান তাড়া কঠিন করে তোলেন।

শেষদিকে জেভিয়ার বার্টলেট ২৫ বলে অপরাজিত ৩৪ রানে লড়াই চালালেও ব্যবধান ঘোচানো সম্ভব হয়নি। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া থামে ৮ উইকেটে ১৪৬ রানে। ফলে ২২ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান।