‘কোন দল সরকার গঠন করবে, তা এখনও বলা যায় না’: রুমিন ফারহানা

0
56

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কোন দল সরকার গঠন করবে—এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যায় না। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের রায় কী হবে, তা আল্লাহই ভালো জানেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকাবাংলো মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, তিনি কখনো হুমকি বা ধমকি দেননি, শুধু কাজ করে গেছেন। নিজের বক্তব্যে তিনি বলেন, তার বাবা-দাদার ভিটা, কবরস্থান এবং শেকড়ের দুই ইউনিয়ন আল্লাহর রহমতে এখন তার সঙ্গে রয়েছে। তিনি বলেন, একজন ঘরের মেয়ে হিসেবে তিনি মানুষের সমর্থন চাইছেন, এতে কোনো দোষ থাকলে জনগণই তার বিচার করবেন।

স্বতন্ত্র এই প্রার্থী বলেন, একটি মামলাকে কেন্দ্র করে যারা নানা কথা বলে শেষে ভয়ে লুকিয়ে পড়ে, তাদের ভয় পাওয়ার কিছু নেই। তিনি স্পষ্ট করে বলেন, তার কোনো ভোটারকে আঘাত করতে চাইলে আগে তাকেই আঘাত করতে হবে। তিনি আশ্বাস দেন, কাউকে হয়রানি বা জুলুম করা হবে না।

রুমিন ফারহানা আরও বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে বলেই তিনি বিশ্বাস করেন। পুলিশ-প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, যাতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কোনো ধরনের কারচুপি না হয়। তিনি বলেন, এই আসনের দিকে গণমাধ্যম, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও বিভিন্ন সংস্থার নজর থাকবে। কেউ যদি একটি ব্যালট জাল করার কথাও ভাবে, তাহলে ভোটাররাই তার জবাব দেবে।

তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অতীতে তাদের বাবা-চাচাদের ভোটে তার বাবা অলি আহাদ নির্বাচিত হলেও কাজ করতে পারেননি এবং কারসাজির মাধ্যমে তাহের উদ্দিন ঠাকুরকে জয়ী ঘোষণা করা হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ১১ ফেব্রুয়ারি বিকাল থেকে ১২ ফেব্রুয়ারি বিকাল পর্যন্ত প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে, যেন তার একটি ভোটও কেউ চুরি করতে না পারে।