নির্বাচন ঘিরে গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, শুরু হয়েছে টহল

0
45
নির্বাচন ঘিরে গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, শুরু হয়েছে টহল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়ন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে তারা টহল কার্যক্রম শুরু করেন।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, শুক্রবার থেকেই বিজিবি সদস্যদের মাঠে নামানো হয়েছে। তিনি বলেন, এটি কোনো শঙ্কা বা নির্দিষ্ট আশঙ্কাজনক পরিস্থিতির কারণে নয়; বরং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি কাজ করবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর সদর, টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলাসহ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে যুক্ত হয়ে শুক্রবার সকাল থেকে ১৪ প্লাটুন বিজিবি জেলা শহরসহ পাঁচটি উপজেলায় টহল দিচ্ছেন।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক, নির্বাচন অফিস, সংবেদনশীল কেন্দ্রের আশপাশ এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে অতিরিক্ত বাহিনী মোতায়েনের কথাও জানিয়েছে প্রশাসন। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, “নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে আজ সকাল থেকে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।”