আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ

0
39
আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে। তিনি দাবি করেন, বিএনপি যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে তা শুধু বিএনপির জন্য নয়—দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, অতীতে শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার সিদ্ধান্তের খেসারত দীর্ঘদিন দেশের মানুষকে দিতে হয়েছে—এমন মন্তব্য করে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বক্তব্য দেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাকশাল কায়েম করে মানুষের অধিকার হরণ করেছে এবং সেই দলকে রাজনীতিতে ফেরানো মানে ফ্যাসিবাদকে নতুন করে সুযোগ দেওয়া।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তার মতে, গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক কারণে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল হক সরকারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।