‘কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি’: ইসলামী আন্দোলনের প্রার্থী সিরাজী

0
28
‘কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি’: ইসলামী আন্দোলনের প্রার্থী সিরাজী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ডা. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী বলেছেন, তিনি কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।

স্ট্যাটাসে সিরাজী লিখেছেন, তার দাফন হবে মাদরাসার পাশে এবং তার নেতাকর্মীরাও প্রস্তুতি নিয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ঝালকাঠি-২ আসনে কীভাবে ভোটাধিকার হরণ করা হয়—তা দেখবেন বলে মন্তব্য করেন তিনি।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে। অনেকে এটিকে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বা ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কার প্রতিফলন হিসেবে দেখছেন।

ইসলামী আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা বলেন, ডা. সিরাজুল ইসলাম সিরাজী দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং তিনি নির্বাচনি মাঠে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে আসছেন। তাদের মতে, এই বক্তব্যে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ এবং ভোটাধিকার রক্ষায় কঠোর অবস্থানের বার্তা উঠে এসেছে।

এ বিষয়ে ডা. সিরাজুল ইসলাম সিরাজী বলেন, তার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ একটি দল ভোটারদের মধ্যে তার নামে “মিথ্যা তথ্য” ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি আরও দাবি করেন, এলাকায় তার পক্ষে প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না এবং বিভিন্ন সময়ে তার কর্মীদের হুমকি দেওয়া হয়।