ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে: তারেক রহমান

0
27
ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে: তারেক রহমান

নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার একটি হোটেলে বগুড়া-৬ আসনের নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হবে। ভোটারদের কাছে পৌঁছাতে হলে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তিনি জানান, দলীয় প্রধান হিসেবে আগের মতো সময় দেওয়া বা বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব হবে না। এ অবস্থায় প্রতিটি নেতাকর্মীকেই ধানের শীষের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

বগুড়ার প্রতি নিজের আবেগ ও দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিরোধী দলে থেকেও দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ভোটের দিন কেন্দ্রে উপস্থিত থেকে ভোট প্রদান নিশ্চিত করতে হবে এবং ফলাফল সংগ্রহ পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

দলীয় কর্মসূচি অনুযায়ী, তিনি শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে পারেন। এরপর সিরাজগঞ্জের জনসভা শেষে টাঙ্গাইলে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।