নির্বাচন সামনে রেখে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ ফুট প্যাট্রোল

0
36
নির্বাচন সামনে রেখে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ ফুট প্যাট্রোল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনীর বিশেষ ফুট প্যাট্রোল পরিচালনা করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসিলা ও শেরেবাংলা সেনা ক্যাম্পের সদস্যরা রায়েরবাজার ও আদাবর এলাকার বিভিন্ন আবাসিক এলাকায় এই টহল চালান। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের আশপাশে তৎপরতা বাড়ানো হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের আগে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য, যাতে ভোটাররা ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারেন।

ফুট প্যাট্রোল চলাকালে সেনাসদস্যরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কঠোর অবস্থানের কথা জানান। এলাকাবাসীও সেনাবাহিনীর উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করে জানান, এতে তারা নিজেদের আরও নিরাপদ মনে করছেন এবং শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা করছেন।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের বসিলা ও শেরেবাংলা ক্যাম্প জানায়, নির্বাচনকালীন সময় পর্যন্ত দিন-রাত এ ধরনের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং যেকোনো অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।