মাগুরায় অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোররাতে জেলার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মুন্সী শহিদুর রহমানের দুই ছেলে—শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন এবং তার ভাই জেলা বিএনপির বর্তমান সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে যৌথবাহিনী আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, চাপাতি, চাকু ও গাছিদাসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও মালামাল জব্দ করে পরে আটক দুজনকে শালিখা থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, যৌথবাহিনীর অভিযানে আটক দুজনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও দলীয় সূত্রে আরও জানা যায়, মুন্সি নয়নুজ্জামান নয়নকে এর আগে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছিল। পরে চলতি বছরের ২৪ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে নিজ পদে পুনর্বহাল করা হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।