ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে সেনাবাহিনী মোট ১ হাজার ৭৭৪ জনকে আটক করেছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে ১৭৯টি অস্ত্র এবং ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ।
রোববার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, তফসিল ঘোষণার দিন ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
এর আগে আইএসপিআর গত ৩০ জানুয়ারি জানিয়েছিল, ২৩ থেকে ২৯ জানুয়ারি—মাত্র এক সপ্তাহে চালানো যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যৌথ অভিযানে সর্বমোট ১৭৭৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।