পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জোট প্রার্থী নুরুল হক নূর ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই পক্ষের মিছিলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।
নুরুল হক নূরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু নাঈমের দাবি, রাতের দিকে ঘোড়া প্রতীকের একটি মিছিল যাওয়ার সময় ট্রাক প্রতীকের কয়েকজন সমর্থক সেখানে অবস্থান করছিলেন। এ সময় উস্কানিমূলক স্লোগান ও মারধরের ঘটনায় ট্রাক প্রতীকের অন্তত আটজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে হাসান মামুনের সমর্থক মো. মারুফ দাবি করেন, ডাকুয়া নির্বাচনী কার্যালয় থেকে মিছিল বের করে বাড়ি ফেরার পথে ট্রাক প্রতীকের সমর্থকেরা তাদের পথরোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তাদের পক্ষের সাতজন আহত হয়েছেন বলে তিনি জানান। আহতদের মধ্যে দুজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ডাকুয়া এলাকায় দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।