যে করণে হচ্ছে না জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান

0
38
যে করণে হচ্ছে না জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার (১ ফেব্রুয়ারি) ইশতেহার ঘোষণার কথা ছিল।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, অনিবার্য কারণে নির্ধারিত দিনে ইশতেহার ঘোষণা করা হচ্ছে না। জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আকস্মিক ও জরুরি শেরপুর সফরের কারণে মূলত অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, স্থগিত হওয়া ইশতেহার ঘোষণার পরবর্তী সময় ও তারিখ রোববার বিকেলের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জামায়াত সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ১০টায় শেরপুরের শ্রীবরদীতে শহীদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করবেন ডা. শফিকুর রহমান। এরপর শেরপুর ও জামালপুরে দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে এবং দুপুর সাড়ে ১২টায় জামালপুরে জনসভায় অংশ নেবেন তিনি।

সবশেষ ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গণসংযোগ ও জনসভা করার কথা রয়েছে জামায়াত আমিরের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার (১ ফেব্রুয়ারি) এ ইশতেহার ঘোষণার কথা ছিল।