রাজবাড়িতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫-এর মৌখিক (ভাইভা) পরীক্ষায় ভুয়া প্রার্থী হিসেবে অংশ নিতে এসে একজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ভাইভা চলাকালে এই অনিয়ম ধরা পড়ে। ভাইভা বোর্ডে উপস্থিত ব্যক্তি নিজে মৌখিক পরীক্ষায় অংশ নিলেও যাচাই-বাছাইয়ের একপর্যায়ে সন্দেহ তৈরি হয়। পরবর্তী অনুসন্ধানে জানা যায়, লিখিত পরীক্ষা তিনি নিজে দেননি—অন্য একজন তার হয়ে লিখিত পরীক্ষা দিয়েছেন।
আটক ব্যক্তি আব্দুর রাজ্জাক। তিনি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার আশুরহাট এলাকার বাসিন্দা এবং আব্দুল মাজেদের ছেলে।
ঘটনা নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় আব্দুর রাজ্জাককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।