খুলনায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

0
29
খুলনায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগ সফরে আসছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খুলনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সকালে থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন। দূর-দূরান্তের অনেকে রোববার রাতেই খুলনায় পৌঁছান বলে দলীয় সূত্রে জানা গেছে।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সোমবার বেলা ১১টার দিকে হেলিকপ্টারে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। দুপুর ১২টায় প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি ভাষণ দেবেন এবং জনসভা শেষে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে খুলনা ছাড়বেন। জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির আশা করছেন তারা।

জনসভায় মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা সভাপতিত্ব করবেন। বৃহত্তর খুলনা অঞ্চলের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারাও সভায় বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনার পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাটের নেতাকর্মীরাও এ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি জানান, নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ধারাবাহিক কর্মসূচির কারণে তারেক রহমান কিছুটা অসুস্থ থাকলেও খুলনার মানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি সফরে আসছেন।

খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রভাতী স্কুল মাঠের এই জনসভা শুধু নির্বাচনী সমাবেশ নয়; খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নেতাকর্মীরা তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা শুনতে আগ্রহী বলেও জানান তিনি।

এদিকে তারেক রহমানের আগমন ও জনসভাকে কেন্দ্র করে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। পুলিশ জানায়, সমাবেশস্থল এবং যাতায়াতের পথজুড়ে ভেতর-বাইরে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে এবং র‌্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নগরে প্রবেশের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা থাকবে এবং সাধারণ যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে জনসমাগম বেশি থাকায় সাধারণ মানুষকে সমাবেশস্থল এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং নগরবাসী ও সমাবেশে আগতদের সহযোগিতা পেলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।