কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, বিগত সরকার দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, যা দেশের বার্ষিক বাজেটের চার গুণেরও বেশি। তিনি বলেন, “ইনশাআল্লাহ, চোর ও লুণ্ঠনকারীদের পেটের ভেতর হাত দিয়ে এই টাকা বের করে আনা হবে। জনগণের প্রতিটি পয়সার হিসাব দিতে হবে।”
সোমবার (২ ফেব্রুয়ারি) বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হামিদুর রহমান আজাদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বলেন, জুলাইয়ের পরিবর্তন ও বিপ্লবের কারণেই তিনি আজ নির্বাচনী জনসভায় জনগণের সামনে দাঁড়াতে পারছেন। যারা জীবন দিয়ে পরিবর্তনের পথ খুলে দিয়েছেন, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতেও তিনি সেখানে উপস্থিত হয়েছেন বলে উল্লেখ করেন।
যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, যুবসমাজ অপমানজনক বেকার ভাতা চায়নি; তারা সম্মানজনক কাজ চেয়েছে। তার ভাষায়, মহেশখালী ও কুতুবদিয়া কর্মসংস্থানের বিশাল সম্ভাবনাময় এলাকা এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে এই অঞ্চলকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়েও উন্নত পর্যায়ে নেওয়ার সক্ষমতা আছে।
দেশের মানুষের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করে তিনি বলেন, অন্য অনেক দেশে কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকলে লুটপাটসহ নানা বিশৃঙ্খলা দেখা যায়, কিন্তু বাংলাদেশে ৫ আগস্টের পর কয়েকদিন সরকার না থাকলেও মানুষ ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছে। তিনি বলেন, দেশের মানুষ ভালো হলেও নেতৃত্ব নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং দুর্নীতি ও “ব্যাংক ডাকাতি”র অভিযোগ তুলে বলেন, “মাথা ঠিক তো সব ঠিক”—অর্থাৎ নেতৃত্ব সৎ হলে দেশও ঠিক পথে চলবে।
আসন্ন নির্বাচনে ভোট চেয়ে ডা. শফিকুর রহমান বলেন, তিনি নিজের জন্য নয়—দেশের জন্য এবং নিরাপদ বাংলাদেশের জন্য ভোট চাইতে এসেছেন। তিনি ভোটকে “আজাদি আর গোলামির লড়াই” হিসেবে উল্লেখ করেন এবং বলেন, যারা পরিবর্তনের বিপক্ষে অবস্থান নেবে, জাতি ধরে নেবে তারা আবার পরিবারতান্ত্রিক স্বৈরতন্ত্র চালু করতে চায়।
জনসভায় উপস্থিতদের উদ্দেশে তিনি আরও বলেন, বাংলাদেশকে ধীরগতিতে চললে হবে না, এখন “জাম্প” করতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এবং কোনো আধিপত্যবাদীর কাছে দেশ বন্ধক রাখা হবে না বলেও তিনি মন্তব্য করেন।