জামায়াত দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

0
28
জামায়াত দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় এবং দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সভায় মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী এমন একটি দল, যারা সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। তিনি বলেন, বিএনপি পেছনে যেতে চায় না, সামনে যেতে চায় এবং নারী-পুরুষ সবাই সমান অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবে।

নারীদের অধিকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনসংখ্যায় নারীর সংখ্যাই বেশি এবং নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত হওয়া উচিত। তার বক্তব্য, ইসলাম ধর্মেও মেয়েদের প্রাপ্য অধিকার দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এসব বিষয়ে জামায়াত মানুষকে ভুল বোঝায়।

তিনি দাবি করেন, জামায়াতের পক্ষ থেকে বলা হয় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায়—এ ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। এ ধরনের ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে এসে সত্য কথা নিয়ে মানুষের সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

সভায় মির্জা ফখরুল আরও বলেন, তিনি সংবাদপত্রে একটি খবর দেখেছেন—জামায়াতের আমিরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক হয়েছে কি না, তা তিনি নিশ্চিত নন। তবে ওই ঘটনায় নারীদের বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য হয়ে থাকলে সেটি অন্যায় হবে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, নারীরা এ ধরনের মন্তব্য মেনে নেবে না।

জামায়াতের অবস্থান নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, দলটি নারীদের কাজ করতে দিতে চায় না এবং তাদের ঘরে থাকার কথা বলে। গার্মেন্টসে কর্মরত নারীদের কাজের সময় নিয়েও বক্তব্য দিয়েছেন বলে তার অভিযোগ।

এসময় উপস্থিত ভোটার ও সমর্থকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনে জয়ী হলে এলাকার জন্য কাজ করার আশ্বাস দেন বিএনপির মহাসচিব।