পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর কারাদণ্ড, টিউলিপসহ তিনজনেরও সাজা

0
30
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর কারাদণ্ড, টিউলিপসহ তিনজনেরও সাজা

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে শেখ হাসিনার পরিবারের আরও তিন সদস্যকে সাজা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত প্রত্যেকের ওপর ১ লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিককে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে রায় দেন।

নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান ও আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। তদন্ত শেষে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়, যেখানে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনের নামও রয়েছে।

রায়ের পর দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল জানান, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এ রায় কঠোর বার্তা দেবে। একই সঙ্গে আদালতপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।