শরীয়তপুরের নড়িয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৯৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং কয়েকটি ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন ওই এলাকার মেহেদী হাসান, বাচ্চু পেদা ও রনি পেদা।
নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) অখিল রঞ্জন সরকার জানান, পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকার একটি বাড়িতে ককটেল মজুত থাকার তথ্য পেয়ে সোমবার ভোরে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। অভিযানে পেদা মসজিদের বারান্দা, খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার ঘর থেকে ১২টি বালতিতে রাখা মোট ৯৫টি ককটেল উদ্ধার করা হয়। একই সঙ্গে কয়েকটি টেটা ও রামদাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় এবং সকাল ৮টার দিকে উদ্ধার করা ককটেল, অস্ত্র ও আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়।
পুলিশ আরও জানায়, গত বছরের আগস্টে একই এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করা হয়েছিল, যা পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট নিষ্ক্রিয় করে। এছাড়া পাশের এলাকা জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দির একটি বাড়িতে গত ৮ জানুয়ারি ককটেল বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। গত তিন দিনে নড়িয়ার আরও তিনটি স্থান থেকে ২২টি ককটেল উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ।