ট্রাইব্যুনালে কামরুল ও মেননের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল

0
35
ট্রাইব্যুনালে কামরুল ও মেননের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল

জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, তাদের বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুটি অভিযোগ আনা হয়েছে।

একই দিনে প্রসিকিউশন আরও একটি মামলায় ফরমাল চার্জ দাখিল করেছে বলে জানানো হয়। ২০১৬ সালে জঙ্গি নাটক সাজিয়ে গাজীপুরের পাতারটেকে ৭ জনকে হত্যার ঘটনার মামলায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারীসহ মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল সূত্র বলছে, দুটি মামলারই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হতে পারে।

এদিকে, টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় আজ দ্বিতীয় সাক্ষীকে জেরা করবে আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

একই ট্রাইব্যুনালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করে হত্যা এবং আরও দুইজনকে হত্যার মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সূচিও রয়েছে।

অন্যদিকে, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আজ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা। এ মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী।