মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন মার্কেট দখল ঠেকাতে গিয়ে হামলায় নিহত ১, আহত অন্তত ৮

0
22
মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন মার্কেট দখল ঠেকাতে গিয়ে হামলায় নিহত ১, আহত অন্তত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে উপজেলার বালাশুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর বালাশুর এলাকার বাসিন্দা। তিনি তার ভাই তমিজউদ্দীনের সঙ্গে যৌথভাবে বালাশুর বাজারে ‘তমি মার্কেট’ নামে একটি মার্কেট নির্মাণ কাজ শুরু করেছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন তমিজ উদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তানসেল (২২), তুষার (২৪), আব্দুর রহমান (২৩)সহ আরও কয়েকজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, হান্নান হাজী গং, মানিক ডাকাত ও তাপসসহ কয়েকজন ওই জমিতে কিছু ওয়ারিশের মালিকানা রয়েছে দাবি করে আদালতে মামলা করেছিলেন। তবে তারা মামলায় ব্যর্থ হন। এরপর সম্প্রতি রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে জমিটি দখলের চেষ্টা চালানো হয়।

মঙ্গলবার সকালে পুনরায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করলে আলমগীর বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে গেলে আরও কয়েকজন আহত হন।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে তিনি মারা যান।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শংকর তান জানান, সকাল সাড়ে ছয়টার দিকে কয়েকজন আহত হাসপাতালে আসেন। আলমগীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর উত্তেজিত স্বজন ও এলাকাবাসী ঢাকা–দোহার সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।