‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৭ হত্যা: সাবেক ডিবিপ্রধান হারুনসহ ১০ জনের বিরুদ্ধে চার্জ দাখিল

0
36
‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৭ হত্যা: সাবেক ডিবিপ্রধান হারুনসহ ১০ জনের বিরুদ্ধে চার্জ দাখিল

২০১৬ সালে গাজীপুরের পাতারটেক এলাকায় ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করেছে প্রসিকিউশন। দীর্ঘ তদন্ত শেষে বহুল আলোচিত এই ঘটনায় প্রথমবারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হলো।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-১–এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া এবং পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তৎকালীন প্রধান মো. মনিরুল ইসলাম।

প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত সংস্থা দীর্ঘ অনুসন্ধানের পর মামলার প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। যাচাই-বাছাই শেষে সেটি ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এ বিষয়ে শুনানির পর ট্রাইব্যুনাল পরবর্তী দিন ধার্য করবেন বলে জানানো হয়েছে।

মামলার প্রেক্ষাপটে প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, নিহত সাতজনের একজন ছিলেন ইবরাহীম, যিনি যাত্রাবাড়ীর একটি মাদরাসায় পড়াশোনা করতেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ইবরাহীমের বাবা তার ছেলেকে গুম ও বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেন বলে উল্লেখ করা হয়েছে।