নেত্রকোনা-২ আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে গাজী আব্দুর রহিম বলেন, জুলাই অভ্যুত্থানের পর মানুষ সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চায়। তিনি দাবি করেন, ১০ দলীয় জোটে জামায়াতে ইসলামী আসন ভাগাভাগি নিয়ে “মোনাফেকি” করেছে। জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যের অংশ হিসেবে তিনি বিএনপির প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন দিয়ে নির্বাচনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানান।
এ সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ক্বারী সাইদুর রহমান, হাজী রজব আলী, মোহাম্মদ হোসাইনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।