বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, জনগণের জন্য এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে নেতার আগে থাকবে জনতা। তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
বুধবার বিকেলে হাতিরঝিল অ্যাস্ফিথিয়েটারে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকার মানুষের প্রত্যাশা ও সমস্যার কথা শোনার পর তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, উপস্থিত মানুষজন তাদের মূল্যবান সময় দিয়ে এসে নিজেদের সমস্যা তুলে ধরেছেন, যা তিনি ও তার সহকর্মীরা গুরুত্বের সঙ্গে শুনেছেন। তিনি আশ্বাস দেন, জনগণের সমস্যাগুলো আরও গভীরভাবে জানার মাধ্যমে সুষ্ঠু পরিকল্পনার ভিত্তিতে সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করা হবে।
তিনি বলেন, বিএনপির রাজনীতি পরিকল্পনাভিত্তিক রাজনীতি। নতুন বাংলাদেশ গড়ার এই সময়ে তাদের মূল দর্শন হলো—“আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।” একই সঙ্গে ভেদাভেদের আগে সমতা, সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি, সুবিচার ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ভাষানটেক, কড়াইল ও সাততলা এলাকার নারীদের পাশাপাশি পোশাকশ্রমিক ও পরিবহন শ্রমিকদের হৃদয়বিদারক সমস্যার কথা তিনি মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি স্বীকার করেন, মানুষের সমস্যা অনেক, তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব।
ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে হাতিরঝিল অ্যাস্ফিথিয়েটারের উন্মুক্ত গ্যালারিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কড়াইল, ভাষানটেক ও সাততলা এলাকার রিকশাচালক, বাসচালক, পোশাককর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, ব্যাংকার, সিস্টার্স অ্যাসোসিয়েশনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, পরিচালনক সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ছিল রাস্তা-ঘাট উন্নয়ন, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা, খেলার মাঠ ও হাসপাতাল নির্মাণ, শিল্পকারখানায় ডে-কেয়ার সেন্টার স্থাপন, নারী শ্রমিকদের ওপর নিপীড়ন বন্ধ, যানজট নিরসন, বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসন, গণপরিবহনে ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়ায় দুর্নীতি দূরীকরণ এবং সড়কের আলোকসজ্জা উন্নয়ন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সালামসহ অন্যরা বক্তব্য দেন।