জামায়াত ইসলামী দল নয়, তারা জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

0
20
জামায়াত ইসলামী দল নয়, তারা জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয় এবং তারা জনগণকে বিভ্রান্ত করছে। তার অভিযোগ, জামায়াতের কিছু নেতা মানুষকে বোঝাচ্ছে—দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, যা “সম্পূর্ণ ভুল ও প্রতারণামূলক”।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে এক নির্বাচনি সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় কাজ ও কর্মে বিশ্বাসী, সমালোচনায় নয়।

তিনি বলেন, “আজ একটি দল আপনাদের সামনে এসেছে, আপনাদেরই পরিচিত। তারা আমাদের সঙ্গে ছিল, আমরা একসাথে ছিলাম। এখন তারা আসছে নির্বাচন করবে, সেটা ঠিক। রাজনীতি করবেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না, গীবত গাইবেন না, অন্যের সমালোচনা দায়িত্বশীলভাবে করবেন।”

জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, “জামায়াত ইসলামের নামে প্রতারণা করছে। আমাদের সাধারণ মা-বোনদেরকে বিভ্রান্ত করছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ। মুসলমান বিশ্বাস করে আল্লাহর ওপর, তার আমল অনুসারে তিনি বেহেশতে পৌঁছাবেন।”

তিনি আরও বলেন, “কয়েকদিন ধরে টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় মহিলাদের নিয়ে অশ্লীল মন্তব্য প্রকাশ করা হয়েছে। আমাদের মা-বোনদের সম্মান না করলে আমরা বেহেশতে যেতে পারব না”—বলে জামায়াতের আমিরের একটি ভিডিও পোস্টের কথাও উল্লেখ করেন তিনি।

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সাত দিন পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘদিন পর মানুষ সুষ্ঠু ভোট দিতে পারবে। তার বক্তব্য, গত ১৫ বছরে ভোটের অধিকার হরণ করা হয়েছিল, এবার তা হবে না। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করবেন।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছরে ঠাকুরগাঁও সদর আসনে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। এবার তাকে নির্বাচিত করা হলে উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন এবং ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তার দাবি, ধানের শীষ জিতলে জেলার উন্নয়ন হবে এবং বেকার সমস্যা সমাধান হবে।