নাটোর-২ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

0
35
নাটোর-২ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী স্বচ্ছ, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক ‘নতুন ও সমৃদ্ধ নাটোর’ গড়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের মাদরাসা মোড় এলাকায় তাঁর নির্বাচনী অফিসে ইশতেহার তুলে ধরা হয়।

ইশতেহার প্রদানকালে অধ্যাপক ইউনুস আলী বলেন, অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও বেকারত্ব, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, অযোগ্য নেতৃত্ব ও সন্ত্রাসের কারণে মানুষের জীবনযাত্রার কাঙ্ক্ষিত মানোন্নয়ন হয়নি। তিনি জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য সামনে রেখে মানুষের সেবক হিসেবে অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার এবং টেকসই উন্নয়নে কাজ করতে চান।

ইশতেহারে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিশেষ সম্মাননা প্রদান, তাদের উন্নত চিকিৎসা, শিক্ষা এবং সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। পাশাপাশি নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাইটেক পার্ক স্থাপন, নাটোর সদর হাসপাতালের আধুনিকায়ন, নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু, নার্সিং ইনস্টিটিউট, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং বক্ষব্যাধি ক্লিনিক আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে স্টেশন বাজার রেলক্রসিংয়ে ওভারব্রিজ নির্মাণ, নাটোর-বগুড়া বাইপাস নির্মাণের কথা বলা হয়। শিল্প ও অর্থনীতির ক্ষেত্রে নাটোর চিনিকল আধুনিকায়নের মাধ্যমে লাভজনক শিল্পে রূপান্তর, বাণিজ্যিক গ্যাস সরবরাহের সঞ্চালন লাইন স্থাপন করে ভারী শিল্প প্রতিষ্ঠা, বিসিকের সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল এবং কৃষি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল স্থাপনের অঙ্গীকারও করা হয়।

ইশতেহারে আরও উল্লেখ করা হয়, নাটোর স্টেডিয়াম আধুনিকায়ন, পর্যটনভিত্তিক শহর গড়ে তোলা, নারদ নদ এবং জয়কালী ও লালদীঘিতে ওয়াকওয়ে নির্মাণ, এবং বর্জ্যমুক্ত সবুজ শহর প্রতিষ্ঠার পরিকল্পনা।

ইশতেহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক মো. সাদিকুর রহমান এবং সহকারী সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল।