রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কমপ্রিহেনসিভ সেফটি সিস্টেম টেস্ট সফলভাবে সম্পন্ন

0
42
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কমপ্রিহেনসিভ সেফটি সিস্টেম টেস্ট সফলভাবে সম্পন্ন

বাংলাদেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কমপ্রিহেনসিভ সেফটি সিস্টেম টেস্ট (Comprehensive Safety System Test) সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে প্রকল্পের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিংয়ের আগে চূড়ান্ত পর্যায়ের নিরাপত্তা প্রস্তুতি যাচাই করা হলো।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, পরীক্ষার আওতায় রিয়্যাক্টর বিল্ডিংয়ের কনটেইনমেন্ট ইন্টিগ্রিটি, অভ্যন্তরীণ বন্যা নিয়ন্ত্রণ, ফুয়েল পুল সেফটি এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় সেফটি সিস্টেমগুলোর নকশাভিত্তিক ও এক্সটেন্ডেড কন্ডিশনে কর্মক্ষমতা সফলভাবে যাচাই করা হয়েছে।

ড. জাহেদুল হাসান বলেন, এ পরীক্ষার মূল কারিগরি নীতিমালা ছিল পূর্ণ কনটেইনমেন্ট ও হাইড্রোলিক আইসোলেশন নিশ্চিত করা। উচ্চ প্রবাহ হার ও দীর্ঘ সময় স্প্রিংকলার অপারেশনের ফলে সৃষ্ট পানি কনটেইনমেন্টের অভ্যন্তরীণ সুরক্ষিত জোনে প্রবেশ করতে পারবে না এবং কনটেইনমেন্টের ভেতরে সঞ্চিত পানি কোনোভাবেই বাইরের পরিবেশে নির্গত হবে না—এই দুই শর্ত কঠোরভাবে পর্যবেক্ষণ ও যাচাই করা হয়। এর মাধ্যমে কনটেইনমেন্ট ওয়াল, সিলিং জয়েন্ট, বিভিন্ন পেনিট্রেশন পয়েন্ট, ড্রেনেজ আইসোলেশন এবং ওয়াটার-টাইট ব্যারিয়ার সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রিয়্যাক্টর হলের শীর্ষে থাকা স্প্রিংকলার সিস্টেম নির্ধারিত চাপ ও ডিজাইন ফ্লো রেটে টানা ১২ ঘণ্টা পরিচালিত হয়। এতে নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ প্লাবন পরিস্থিতি তৈরি করা হয়, যা এক্সট্রিম অ্যাক্সিডেন্ট ও ফায়ার সাপ্রেশন কন্ডিশনের বাস্তবসম্মত অনুকরণ হিসেবে বিবেচিত। দীর্ঘসময় সিস্টেমের যান্ত্রিক স্থায়িত্ব, নোজল পারফরম্যান্স, পাইপিং স্ট্রেস এবং সাপোর্ট স্ট্রাকচারের আচরণও পর্যবেক্ষণ করা হয়।

স্পেন্ট ফুয়েল পুলের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে পানির স্তর নিয়ন্ত্রণ, তাপমাত্রা সীমা, তাপ অপসারণ ক্ষমতা এবং কুলিং সিস্টেমের ধারাবাহিক অপারেশনসহ একাধিক গুরুত্বপূর্ণ প্যারামিটার পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানান এনপিসিবিএল এমডি। তিনি বলেন, অভ্যন্তরীণ বন্যা পরিস্থিতিতেও ফুয়েল পুল নিরাপদ অপারেশনাল সীমার মধ্যে থাকে—এটি পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া পরীক্ষার একটি বড় অংশ ছিল সম্পূর্ণ স্বয়ংক্রিয় সেফটি ও কন্ট্রোল সিস্টেমের কার্যকারিতা যাচাই। সেন্সর-ভিত্তিক সিগন্যাল অনুযায়ী মানব হস্তক্ষেপ ছাড়াই স্প্রিংকলার অ্যাকচুয়েশন, ভালভ অপারেশন, অ্যালার্ম, ইন্টারলক এবং মনিটরিং সিস্টেম নির্ধারিত কন্ট্রোল লজিক অনুযায়ী সক্রিয় হয়েছে। এতে রিডানডেন্সি, ডাইভারসিটি ও ফল্ট-টলারেন্স নীতির বাস্তব প্রয়োগও যাচাই হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

পানির ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা সংশ্লিষ্ট বিভাগগুলো বলছে, পরীক্ষায় ব্যবহৃত পানির পরিমাণ, প্রবাহ হার, সংগ্রহ ও নিষ্কাশন ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রিত ও পর্যবেক্ষিত হয়েছে, যাতে কনটেইনমেন্টের বাইরে কোনো পরিবেশগত ঝুঁকি তৈরি না হয়। নিউক্লিয়ার সেফটি, অপারেশন ও ইঞ্জিনিয়ারিং টিম রিয়েল-টাইম ডাটা মনিটরিং ও বিশ্লেষণের মাধ্যমে পুরো পরীক্ষা তদারকি করে।

এনপিসিবিএল জানিয়েছে, কোল্ড রান ও হট রান সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই কমপ্রিহেনসিভ সেফটি সিস্টেম টেস্ট রূপপুর প্রকল্পের কমিশনিং পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ কারিগরি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।