‘ভোটের রেজাল্ট ছাড়া প্রিজাইডিং অফিসার যাতে বের হতে না পারে’: মির্জা আব্বাস

0
31
‘ভোটের রেজাল্ট ছাড়া প্রিজাইডিং অফিসার যাতে বের হতে না পারে’: মির্জা আব্বাস

ভোটারদের উদ্দেশ্যে করে ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেবেন। যারা পোলিং এজেন্ট হবেন, তারা রেজাল্ট শিট নিয়ে রুম থেকে বের হবেন। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট ছাড়া, ওই এলাকা থেকে কোনো পোলিং এজেন্টরাও যাতে বের হতে না পারে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, যদি বলা হয় ভোট অফিসে গিয়ে গণনা করা হবে, এটা কোনোভাবেই অ্যালাউ করবেন না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণ ভোটের অধিকার রক্ষায় সংগ্রাম করতে রাজি আছে। আবার শুনছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। নব্য প্রার্থীদের কথাবার্তায় বুঝতে পারছি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়েছে।

মির্জা আব্বাস আরও বলেন, জনগণ জানে চুলার মুখে দিয়ে কখনো স্বর্ণ বের হয় না। চুলার মুখ দিয়ে ছাই বের হয়। আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না।

বিএনপির এই নেতা বলেন, আমার অবস্থান বরাবরই চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে রয়েছে। এটা নতুন কোনো বিষয় নয়। কিন্তু আমার বিরুদ্ধে যেসব কুৎসা রটানো হচ্ছে, সেগুলো এদেশের মানুষ বিশ্বাস করবে না।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, সকাল-সন্ধ্যা জামায়াতে ইসলামের একটা জুনিয়র গ্রুপ বিএনপি সম্পর্কে অসংখ্য নোংরা কথাবার্তা বলছে। জামায়াতের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবর্গ আমাদের দেশের চাকরিজীবী মেয়েদের সম্পর্কে খারাপ কথা বলেছে। তাদের মুখের কথাবার্তা লাগামহীন হয়ে গেছে।

অর্থনৈতিক কোনো সুযোগ সুবিধা গ্রহণ করিনি উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আমাদের বিরুদ্ধে যারা কথা বলছেন, আমি একটু স্পষ্ট করতে চাই- যদি আপনাদের বুকের পাটা থেকে থাকে, তাহলে আসেন বায়তুল মোকাররমের সামনে আমার নামে শালিস বসান। কোনো অসুবিধা নেই, আমার বুকে সাহস আছে। আমি চুরিচামারি করে বড় হইনি। গায়ে খেটে বড় হয়েছি এবং নিজ হাতে কাজ করেছি।