আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাত হত্যার মানবতাবিরোধী মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির রায় আজ

0
31
আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাত হত্যার মানবতাবিরোধী মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির রায় আজ

জুলাই গণঅভ্যুত্থানকালে আশুলিয়ায় ছয়টি মরদেহ পুড়িয়ে ফেলা এবং মোট সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি তৃতীয় রায়। গত ১ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। এ রায়ের মাধ্যমে ১৬ আসামির সাজা বা খালাস—যা-ই হোক—চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

এর আগে ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। ওইদিন প্রসিকিউশনের পক্ষে যুক্তিখণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান। শুনানিতে আসামিদের পক্ষে আইনজীবী সৈয়দ মিজানুর রহমানও অংশ নেন।

মামলার ১৬ আসামির মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক এবং কনস্টেবল মুকুল।

গত বছরের ২১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তখন উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলম খানসহ মোট ২৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

এ মামলায় গত বছরের ২ জুলাই প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আদালত। অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, সাক্ষী ৬২ জন, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা এবং দুটি পেনড্রাইভ যুক্ত করা হয় বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, অভিযোগ অনুযায়ী ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে পুলিশ ভ্যানে তুলে তাদের মরদেহে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটে। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ওই সময় একজন জীবিত ছিলেন; পেট্রোল ঢেলে তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। এর আগের দিনও একজন নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।