কালীগঞ্জে বিএনপির বিদ্রোহী ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর-আহত ৩

0
29
কালীগঞ্জে বিএনপির বিদ্রোহী ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর-আহত ৩

ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) ও ধানের শীষের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষের প্রার্থী রাশেদ খানের সমর্থকদের মধ্যে প্রথমে হাতাহাতি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের এক পর্যায়ে ধানের শীষের সমর্থকেরা কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীর একজন সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হন। আহতদের মধ্যে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ উপজেলার তিল্লা বাজারে পাশাপাশি ধানের শীষ ও স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতীকের দুটি নির্বাচনী অফিস রয়েছে। সন্ধ্যায় ওই বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে পার্শ্ববর্তী পুকুরিয়া বাজারে গিয়ে ধানের শীষের সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের মুদি দোকানে হামলা চালিয়ে এলোপাতাড়ি ভাঙচুর করেন। ভাঙচুরের একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে।

খবর পেয়ে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন, তিনি এ ধরনের ঘটনার খবর জানেন না, খোঁজ নিয়ে পরে কথা বলবেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় বিনা উস্কানিতে তার নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে এবং আগেও তিনি প্রশাসনকে জানিয়েছেন। তার দাবি, সর্বশেষ তার কর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে, এভাবে চলতে থাকলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, দুই পক্ষের সমর্থকদের কথাকাটাকাটির জেরেই সংঘর্ষ হয়েছে। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।