দেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানা হবে না: জামায়াত আমির

0
19
দেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানা হবে না: জামায়াত আমির

দেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ শহরের এটিএম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই দেশ শুধু মুসলমানদের নয়; হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতালসহ সবার।

জামায়াত আমির বলেন, তার “পুরোনো বন্ধুরা” তাকে নিয়ে মিথ্যা প্রচারণায় অংশ নিয়েছেন। তিনি বলেন, তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ যেন তাদেরও ক্ষমা করেন। এ বিষয়ে কোনো অপপ্রচার বা অপচর্চার জবাব তিনি দেননি এবং দেবেনও না বলেও জানান।

তিনি বলেন, সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, এমন পরিবেশ তৈরি করা হবে যাতে কোনো “জালিম” নারী জাতির দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবে তরুণ-তরুণী, কৃষক-শ্রমিক রাস্তায় নেমেছিল। তারা বেকার ভাতা চায়নি, তারা কাজ চেয়েছে—এ কথা উল্লেখ করে তিনি যুবসমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

ক্ষমতায় গেলে দেশে “জমিদারি প্রথার” যে রাজনীতি চলছে, তা বিলুপ্ত করার কথা উল্লেখ করে তিনি বলেন, নেতৃত্বের ক্ষেত্রে বংশপরম্পরা নয়; যোগ্যতা ও দেশপ্রেমই বিবেচ্য হবে। তিনি বলেন, একজন রিকশাচালকের মেধাবী সন্তানও যেন আগামীর প্রধানমন্ত্রী হতে পারে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন।

এ ছাড়া তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হবে এবং কাউকেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না।