আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ পড়ানোর সুযোগ নেই। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল জানান, নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে সরকার সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী সাধারণভাবে সংসদ সদস্যরা স্পিকার অথবা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেন। কিন্তু বর্তমান বাস্তবতায় একজন পলাতক এবং অন্যজন কারাগারে থাকায় তাদের মাধ্যমে শপথ আয়োজন কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে গুরুতর মামলার বিষয় এবং পদত্যাগসংক্রান্ত পরিস্থিতিও জটিলতা তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।
আইন উপদেষ্টা বলেন, এই প্রেক্ষাপটে সংবিধানে থাকা বিকল্প ব্যবস্থাগুলো এখন গুরুত্ব পাচ্ছে। একটি বিধান অনুযায়ী, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি শপথ পড়ানোর জন্য কাউকে মনোনীত করতে পারেন। সে ক্ষেত্রে প্রধান বিচারপতির মতো উচ্চপদস্থ কোনো সাংবিধানিক পদধারী সম্মত হলে দায়িত্বটি পালন করতে পারেন।
আরেকটি বিধান উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর তিন দিনের মধ্যে কোনো কারণে শপথ আয়োজন করা সম্ভব না হলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন।
ড. আসিফ নজরুল আরও জানান, সরকার দ্রুত নতুন সংসদের কার্যক্রম শুরু করতে চায়। তাই বিলম্ব না করে সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য বিকল্প পথ নির্ধারণ করাই এখন অগ্রাধিকার, এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক মতামত উপস্থাপনের বিষয়টিও আলোচনায় রয়েছে।