ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে নির্বাচনী প্রচারণা ও তৎপরতা বাড়ছে। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সঙ্গে আরও চারজন প্রার্থী মাঠে রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসনটিতে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাবরের বিপরীতে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আল হেলাল তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জলি তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোখলেছুর রহমান এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রাণী সরকার।
স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা বলছেন, ২০০১-০৬ সময়ে বাবরের দায়িত্বকালীন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে তিনি ভোটারদের কাছে পরিচিত মুখ। তাদের দাবি, রাস্তাঘাট, সেতু-কালভার্ট, ফসল রক্ষা বাঁধ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নেওয়া কিছু উদ্যোগের কারণে তিনি এখনো আলোচনায় আছেন। তবে স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এসব বিষয়ে ভিন্নমতও রয়েছে।
দীর্ঘ সময় আইনি জটিলতা ও কারাবাসের কারণে জাতীয় রাজনীতিতে বাবর সরাসরি সক্রিয় না থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি এলাকায় গণসংযোগ বাড়িয়েছেন। উঠান বৈঠক, পথসভা এবং দলীয় সভায় অংশ নিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং উন্নয়ন, যোগাযোগ, কর্মসংস্থান ও জননিরাপত্তার বিষয়গুলোকে প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, “এলাকার মানুষের বিভিন্ন সমস্যা রয়েছে। পরিকল্পিত উদ্যোগ ও জবাবদিহিতার মাধ্যমে এ অঞ্চলের টেকসই উন্নয়ন সম্ভব।”
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নিজেদের কর্মসূচি ও প্রতিশ্রুতি সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয়ভাবে জানা গেছে, জামায়াত, বাম দল ও ইসলামী ধারার প্রার্থীরাও সাংগঠনিক তৎপরতা জোরদার করেছেন।