নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ কারাবন্দি

0
37
নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ কারাবন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রক্রিয়ায় মোট ৩৫ জন কারাবন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কারাগারের ভেতরে স্থাপিত দুটি ভোটকক্ষে ভোটগ্রহণ শুরু হয় বলে জানান জেল সুপার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক।

তিনি জানান, নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ৪৪ জন বন্দির নাম তালিকাভুক্ত ছিল। এর বিপরীতে কারাগার কর্তৃপক্ষ ৩৭টি ব্যালট পেয়েছে। তবে মামলার কারণে দুইজন বন্দি বর্তমানে অন্য কারাগারে থাকায় তারা ভোট দিতে পারেননি। ফলে ৩৫ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন এবং সেই ব্যালটগুলো পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জেল সুপার আরও বলেন, ভোটগ্রহণের জন্য বন্দিদের সকাল ৮টার আগেই নাস্তা শেষ করে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। এখনও ৭ জনের ব্যালট আসা বাকি রয়েছে। ব্যালট এলে তাদের ভোটও সংগ্রহ করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হবে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা কারাগারে বর্তমানে মোট ৯৪১ জন বন্দি থাকলেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন মাত্র ৪৪ জন, যা মোট বন্দির প্রায় ৪ দশমিক ৭ শতাংশ।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অনেক বন্দিই ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে জামিন পাওয়ার আশায় পোস্টাল ব্যালটে আবেদন করতে আগ্রহী হননি। কারণ, একবার পোস্টাল ব্যালটে আবেদন করলে পরবর্তীতে জামিন পেলে ভোটকেন্দ্রে গিয়ে সরাসরি ভোট দেওয়ার সুযোগ থাকে না। এ কারণে প্রচেষ্টা চালিয়েও মাত্র ৪৪ জন বন্দিকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়াতে সম্মত করানো গেছে।