ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বুধবার সকালে ইজ্জতপুরে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়টি উদ্বোধন করেন দলীয় নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকরা। পরে রাতের কোনো এক সময় কার্যালয়ে রাখা চেয়ার-টেবিল ভেঙে তছনছ করা হয়। সকালে অফিসের অবস্থা দেখে প্রার্থীর সমর্থকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
স্থানীয় জামায়াত কর্মী আব্দুল হাকিম পাটোয়ারী দাবি করেন, উদ্বোধনের পর রাতে সবাই বাড়ি ফিরে যান। সকালে তারা জানতে পারেন অফিসটি তছনছ করা হয়েছে। তিনি এটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন।
ঈগল প্রতীকের প্রার্থীর কর্মী আতাউল করিম সজীব বলেন, মঞ্জুর বিজয়ের সম্ভাবনা দেখে একটি পক্ষ ফেনী-২ আসনের বিভিন্ন স্থানে তাদের কার্যক্রমে বাধা দিচ্ছে। তিনি ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
ফেনী জেলা এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক বলেন, কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তারা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেবেন এবং স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করবেন।
এ বিষয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, ইজ্জতপুরে ঈগল প্রতীকের প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের খবর তিনি পেয়েছেন। বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।