৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি গ্রহণ করেছে, তারাই বাংলাদেশের ‘নতুন জালেম’ হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এসব জালেমকে রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ এলাকায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সরকার কে গঠন করবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র এ দেশের মানুষ মেনে নেবে না এবং বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না। তিনি আরও বলেন, এই নির্বাচনী লড়াই শুধু কক্সবাজার-২ আসনের জন্য নয়, বরং সারা দেশে ১১ দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে।
তিনি দাবি করেন, আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতেই এই রাজনৈতিক ঐক্য গড়ে তোলা হয়েছে।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতি রক্ষার জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হলে দেশের মানুষ তা প্রতিহত করবে এবং কখনোই মেনে নেবে না।
তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।
তাহের আরও বলেন, গণতন্ত্র ও সবার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার মাইলফলক হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন। জাতীয় পরিবর্তন, উন্নয়ন ও দেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে এই নির্বাচন একটি ঐতিহাসিক সিদ্ধান্তের সময়।
জনসভা থেকে উপস্থিত জনসাধারণকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।