গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই সংঘর্ষ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘাঘটিয়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি নির্বাচনী কার্যালয় রয়েছে। সন্ধ্যার দিকে জামায়াতে ইসলামী একটি মিছিল শেষে তাদের কার্যালয়ের সামনে বক্তব্য দিচ্ছিল। একই সময়ে বিএনপি নেতাকর্মীরাও সেখানে নির্বাচনী মিছিল ও সমাবেশ করছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় উভয় পক্ষের নির্বাচনী কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে দুই দলের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।
গাজীপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান গণমাধ্যমকে বলেন, তাদের নেতাকর্মীরা ঘাঘটিয়া নির্বাচনী অফিসে বসে কাজ করছিলেন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। এতে বিএনপির দুইজন আহত হন, যাদের মধ্যে একজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, বিএনপি ও জামায়াতে ইসলামী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং উভয় পক্ষের নির্বাচনী অফিসে ভাঙচুর হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।