ঘটনাস্থলে কোনো ধরনের বুলেট বা রাবার বুলেট ব্যবহার করা হয়নি: উপকমিশনার

0
42
ঘটনাস্থলে কোনো ধরনের বুলেট বা রাবার বুলেট ব্যবহার করা হয়নি: উপকমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপকমিশনার মো. মাসুদ আলম ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার দাবি সরাসরি নাকচ করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে কোনো ধরনের বুলেট বা রাবার বুলেট ব্যবহার করা হয়নি; আন্দোলনকারীরা সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণের আঘাতে আহত হয়ে থাকতে পারেন।

শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, রিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল যমুনার দিকে অগ্রসর হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। তবে গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি বলে তিনি স্পষ্ট করেন।

ডিসি মাসুদ আলম আরও বলেন, ৫ আগস্টের পর থেকে এই এলাকায় কখনো গুলি চালানো হয়নি। শুরুতে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও পরে সেখানে গিয়ে দেখেন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে এবং বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেছে।

এর আগে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, বিক্ষোভ চলাকালে পুলিশি অভিযানে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ দাবিকে অসত্য আখ্যা দিয়ে রমনা জোনের উপকমিশনার বলেন, কোনো ধরনের বুলেট বা রাবার বুলেট ব্যবহারের ঘটনা ঘটেনি।