কক্সবাজারের টেকনাফে বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা চলাকালে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে তিন শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায়, রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে দিবাগত রাত দুইটার দিকে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রায় ২০ থেকে ২৫ জন সমর্থক একটি মিনিট্রাক থেকে নেমে আলীখালী এলাকায় সড়কের পাশে অবস্থান করে স্লোগান ও নাচ-গান করছিলেন। এ সময় সেখানে উৎসুক জনতার ভিড় জমে। হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আশপাশে থাকা পাঁচজন গুলিবিদ্ধ হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রচারণার গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং লোকজন ছোটাছুটি শুরু করে।
আহতদের মধ্যে রয়েছেন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী গ্রামের বাসিন্দা ভেক্কা মিয়ার ছেলে বাচা মিয়া (৪৫), ৮ নম্বর ওয়ার্ডের আলীখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন (১১), একই এলাকার আব্দুল জলিলের ১৮ মাস বয়সী কন্যা নুসরাত জান্নাত রাফি, আলীখালীর পার্শ্ববর্তী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/ফাইভ ব্লকের বাসিন্দা নুর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৭) এবং ডি/ফোর ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।
গুলিবিদ্ধ বাচা মিয়া জানান, তিনি আলীখালী এলাকায় একটি বিয়ের ডেকোরেশনের কাজে ব্যস্ত ছিলেন। কাছাকাছি বিএনপির একটি প্রচারণা গাড়ি থেকে গান বাজানো হচ্ছিল। হঠাৎ গুলির শব্দ হলে প্রথমে তিনি তা বারুদের শব্দ মনে করেন। পরে বুঝতে পারেন তার হাতে গুলি লেগেছে।
আব্দুর রহমান জানান, নামাজ শেষে সড়কের পাশে একটি দোকানে দাঁড়িয়ে ভোটের প্রচারণা দেখছিলেন। হঠাৎ গুলির শব্দে তিনি বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
গুলিবিদ্ধ দুই শিশু নুসরাত জান্নাত রাফি ও শাহাব উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাফির মা ছমিরা বেগম জানান, মেয়েকে নিয়ে তিনি সড়কের পাশের একটি ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ রাফির পিঠে গুলি লাগে। শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে বলে জানা গেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অতর্কিত হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম ঘটে। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ উপস্থিত জনতার ওপর গুলি চালায়। হামলাকারীদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।