দিল্লির তাঁবেদারির রাজনীতি বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হবে না: নাহিদ ইসলাম

0
36
দিল্লির তাঁবেদারির রাজনীতি বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হবে না: নাহিদ ইসলাম

নতুন করে দিল্লির তাঁবেদারি করতে চাওয়া শক্তিগুলোর রাজনীতি বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ ঢাকা থেকেই হবে এবং এ দেশের জনগণই দেশ পরিচালনা করবে। আজাদি ও সার্বভৌমত্বের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভারে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের মানুষ ৫ আগস্টের পর নতুন কোনো জালিম দেখতে চায় না। নতুন করে চাঁদাবাজি, জমি দখল, নির্যাতন ও হত্যার ঘটনা যারা ঘটাচ্ছে, তারা আইনত জালিম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শরিফ ওসমান হাদির বিচার নিশ্চিত করতে ব্যর্থতা ইতিহাসে সরকারের ব্যর্থতা হিসেবেই লেখা থাকবে। এখনও সময় আছে—এই বিচারে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং নিহতের পরিবারকে যেন কোনোভাবে অসম্মান করা না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা চলছে এবং শেরপুরে এক কর্মী হত্যার ঘটনাও ঘটেছে। পুরোনো ফ্যাসিস্ট কায়দায় লাশের ওপর ভর করে ক্ষমতায় যেতে চাওয়া শক্তিগুলোকে ১২ ফেব্রুয়ারি জনগণ রুখে দেবে বলে তিনি মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোটের পক্ষে নারী ও তরুণদের গণজোয়ার তৈরি হওয়ায় প্রতিপক্ষ আতঙ্কিত। সে কারণেই প্রচারণায় বাধা, হেনস্তা ও হামলার ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, যারা বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে সব দলকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাদের হুমকি ও রক্তচক্ষু উপেক্ষা করেই ৫ আগস্ট সংঘটিত হয়েছিল, ভবিষ্যতেও এসব ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না।

দেশের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন বিদেশে থাকা ও জনগণ থেকে বিচ্ছিন্ন নেতারা দেশের বাস্তবতা না বুঝেই নানা পরিকল্পনার কথা বলছেন, যা জনগণ ইতোমধ্যে বুঝে গেছে। বাংলাদেশের মানুষ আর কোনো প্রতারক বা বেঈমানের হাতে দেশের দায়িত্ব তুলে দিতে চায় না।

শেষে নাহিদ ইসলাম ভোটারদের উদ্দেশে বলেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে হবে। কেউ ভোট চুরি বা কেন্দ্র দখলের চেষ্টা করলে তার পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। আগামী ১২ ফেব্রুয়ারি এ ধরনের চেষ্টা হলে আরেকটি ৫ আগস্টের মতো গণআন্দোলন সৃষ্টি হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

জনসভায় ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইনসহ জামায়াত ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।