এবার সরকারে যাওয়ার সুযোগ পেলে ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলব: তারেক রহমান

0
31
এবার সরকারে যাওয়ার সুযোগ পেলে ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলব: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সব সময় দেশ ও জনগণের পক্ষে কাজ করে এবং এবার সরকারে যাওয়ার সুযোগ পেলে ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলবে। শনিবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

দুই দশকেরও বেশি সময় পর নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁওয়ে তারেক রহমান। এবার তিনি দলীয় চেয়ারপারসন হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রচারণায় অংশ নেন। সকাল সাড়ে ১১টার দিকে তিনি মাঠে পৌঁছালে জনসভাস্থলসহ আশপাশের এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

জনসভার শুরুতে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তারেক রহমান বক্তব্যের শুরুতেই উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের পাশাপাশি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণও মওকুফ করা হবে।

তারেক রহমান বলেন, অন্য দলের সমালোচনা করে জনগণের লাভ নেই, মানুষ চায় নিজেদের ভাগ্যের পরিবর্তন। তিনি জানান, পিছিয়ে পড়া ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার কৃষকদের উন্নয়নে বিএনপি কাজ করবে। তার বক্তব্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলা হবে এবং পুরাতন বিমানবন্দর দ্রুত চালু করা হবে।

জনসভায় তিনি ঠাকুরগাঁওসহ আশপাশের কয়েকটি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয়ও করিয়ে দেন। বক্তব্যের শেষদিকে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শুধু উন্নয়ন নয়, জনগণের ভোটে সরকার গঠন করে সুখ-সমৃদ্ধি ও মানবিক মূল্যবোধভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করা হবে।