বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এ উপলক্ষে জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান সর্বশেষ ২০০৩ সালের ৮ ডিসেম্বর ঠাকুরগাঁও গিয়েছিলেন। দীর্ঘ সময় পর তার এই নির্বাচনী সফর সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুক্রবার সকাল থেকেই সমাবেশস্থলে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। একই সঙ্গে জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রচারণাও চালানো হচ্ছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় ঢাকা থেকে বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। বেলা ১১টায় সেখান থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন। এরপর বেলা সাড়ে ১১টায় জনসভায় যোগ দেবেন তিনি। বেলা ১টার দিকে নীলফামারীর উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।