ট্রাম্পের নির্বাহী আদেশে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার

0
45
ট্রাম্পের নির্বাহী আদেশে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার

ভারতের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত ওই আদেশ অনুযায়ী শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে।

নির্বাহী আদেশে উল্লেখ করা হয়, ভারত পরোক্ষভাবে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানি বাড়ানোর অঙ্গীকার করেছে দিল্লি। এছাড়া সাম্প্রতিক সময়ে আগামী ১০ বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কাঠামোতে সম্মত হয়েছে ভারত—এই বিষয়টিও শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তে বিবেচনায় নেওয়া হয়েছে।

এর আগে কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। তখনই তিনি ভারতের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেন। পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার নতুন পথ খুলে দেবে।