দাঁড়িপাল্লার এক পাল্লা আমেরিকায়, আরেক পাল্লা ভারতে; আমরা চাই ইসলামের ইনসাফ: চরমোনাই পীর

0
41
দাঁড়িপাল্লার এক পাল্লা আমেরিকায়, আরেক পাল্লা ভারতে; আমরা চাই ইসলামের ইনসাফ: চরমোনাই পীর

দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে একটি মহল নির্বাচনে অংশ নিলেও তাদের এক পাল্লা আমেরিকায় এবং অন্য পাল্লা ভারতে রয়েছে—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। শনিবার (৭ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফলে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় জামায়াতে ইসলামীর প্রতীক ও তাদের ভূ-রাজনৈতিক অবস্থান ইঙ্গিত করে চরমোনাই পীর বলেন, যারা দাঁড়িপাল্লা নিয়ে এসে ন্যায় ও ইনসাফের কথা বলছে, তাদের ইনসাফ কোথায়—তা জনগণ দেখছে। দাঁড়িপাল্লার দুই পাল্লার একটিতে গোপনে আমেরিকা, অন্যটিতে গোপনে ভারত অবস্থান করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আমেরিকা বা ভারতের ইনসাফ চায় না, তারা চায় ইসলামের ইনসাফ।

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষের ভাগ্যের প্রতিফলন ঘটবে। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে কারা সরকার গঠন করবে এবং কোন আইনে দেশ পরিচালিত হবে।

বিএনপি ও জামায়াতের সমালোচনা করে রেজাউল করীম বলেন, বিএনপি বা তাদের জোটভুক্ত দলগুলো এবং জামায়াত কেউই ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ঘোষণা দেয়নি। তারা সবাই প্রচলিত ধারা ও আইন অনুযায়ী দেশ চালানোর কথা বলেছে। জামায়াতের আমির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করলেও তারাও ইসলামি শাসনের কথা বলেননি। একইভাবে বিএনপির প্রার্থীরাও ইসলামি রাষ্ট্রব্যবস্থার অঙ্গীকার করেননি। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তাদের প্রার্থী আব্দুল মালেক আনওয়ারী হাতপাখা প্রতীক নিয়ে ঘোষণা দিয়েছেন যে, আল্লাহ কবুল করলে তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন।

গত ৫৪ বছরের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, প্রচলিত আইনের কারণেই দেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই ব্যবস্থার কারণেই দেশ থেকে অর্থ পাচার হয়ে বিদেশে ‘বেগমপাড়া’ তৈরি হয়েছে এবং দেশের ভেতরে বসেই অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মানুষ ইসলামের পক্ষে একটি সুন্দর পরিবেশ প্রত্যাশা করেছিল, কিন্তু স্বার্থান্বেষী মহল তা বাস্তবায়নে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিশোধের রাজনীতির অবসান ঘটানোর অঙ্গীকার করে চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি পালায়, আবার বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ পালায়—এটাই এতদিনের রাজনীতি। কিন্তু ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, তাহলে কোনো নিরপরাধ মানুষকে ঘর ছেড়ে পালাতে হবে না। সবাই শান্তিতে এই দেশে বসবাস করতে পারবে।

বাউফলকে ইসলামের ঘাঁটি উল্লেখ করে তিনি নতুন ভোটার ও যুবকদের উদ্দেশে বলেন, তাদের প্রথম ভোট যেন ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে এবং হাতপাখা প্রতীকের পক্ষে হয়। সমাবেশে তিনি বাউফলে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মালেক আনওয়ারীকে পরিচয় করিয়ে দেন এবং উপস্থিত সবার কাছে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।